প্রধানমন্ত্রীকে বাল্যবিবাহের 'বিশেষ ধারা' বিবেচনার অনুরোধ
প্রধানমন্ত্রীকে বাল্যবিবাহ নিরোধ আইনের ‘বিশেষ ধারা’র বিষয়ে পুনরায় বিবেচনার অনুরোধ করেন মানবাধিকার কর্মীরা। এ সময় তাঁরা কম বয়সে বিয়ের নানা ক্ষতিকর দিকের কথা উল্লেখ করে এই বিশেষ বিধান বাতিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পাশাপাশি, বিশেষ ধারার অপব্যবহারের আশঙ্কাও করছেন তাঁরা।
আজ সোমবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ এর সর্বশেষ পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাক, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ পার্টনারশিপ, মানুষের জন্য ফাউন্ডেশন, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন।
গত নভেম্বরে মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে বিশেষ প্রেক্ষাপটে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং মা-বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রাখা হয়েছে।
আলোচকেরা বলেন, পুরোনো আইনটি সময়োপযোগী করার উদ্যোগটি প্রশংসনীয়। কিন্তু এই বিশেষ ধারার কারণে দেশে বাল্যবিবাহ বাড়বে; যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়নের ওপর। মেয়েরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জনের সুযোগ হারাবে। পাশাপাশি, এতে নারীর প্রতি সহিংসতাও বাড়বে। তা ছাড়া, এই ধারা দেশের কয়েকটি আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
সরকার যে প্রেক্ষাপটে বিশেষ ধারার কথা বলছেন, তার সমাধান শিশু আইন ২০১৩ এর মাধ্যমেই সম্ভব বলে মত দেন সেভ দ্য চিলড্রেনের (শিশু সুরক্ষা) পরিচালক লায়লা খন্দকার। তিনি বলেন, এই ধারার কারণে বিয়েতে মেয়েদের সম্মতির বিষয়টিই থাকছে না।
উই ক্যান বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর জিনাত আরা হক বলেন, একটি শিশুর ভবিষ্যৎ দেখার দায়িত্ব সমাজের, রাষ্ট্রের। শিশুদের বৃহৎ স্বার্থে কোনোভাবেই ১৮ বছরের আগে বিয়ে হতে পারে না।
বাল্যবিয়ের ক্ষেত্রে মা-বাবাই মুখ্য ভূমিকা পালন করে উল্লেখ করে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের প্রোগ্রাম প্রধান হাবিবুর রহমান বলেন, বিশেষ ধারার সুযোগে কম বয়সে বিয়ের প্রবণতা আবার বাড়বে। তিনি, আইনটি পাসের আগে আবারও সরকারকে এর ক্ষতিকর দিকগুলো বিবেচনা করার কথা বলেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী, কেয়ার বাংলাদেশের টিম লিডার এএনএম কায়সার জিলানীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।