প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গণসংবর্ধনা দেবে আ.লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার পর এই সংবর্ধনা দেওয়া হবে।ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখায় শেখ হাসিনাকে দেশবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারকে সই করেন।শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি হিসেবে গতকাল ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এক যৌথ সভা হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি এবং এ সংক্রান্ত দিকনির্দেশনা দেন। রাস্তায় গাড়ি চলাচল যাতে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ করেন তিনি।সভা সূত্র জানায়, বিমানবন্দর থেকে বনানী রেলক্রসিং এবং বিজয় সরণি থেকে হোটেল শেরাটন পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা অবস্থান নেবেন। ঢাকা মহানগরের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাংসদ এবং দলের প্রতিটি ইউনিটের নেতাদের নির্দেশ দেওয়া হয় কর্মীদের নিয়ে উপস্থিত থাকার জন্য।আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহ, নূহ উল আলম, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবীর, আহমদ হোসেন, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মির্জা আজম, মৃণাল কান্তি দাস, মোল্লা মো. কাউছার, দিলীপ রায় বৈঠকে অংশ নেন।