প্রধানমন্ত্রীকে ভুল উদ্ধৃত: ক্ষমা চাইলেন বন সংরক্ষক তপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে ভুল উদ্ধৃত করে বিশ্বব্যাংকের কাছে চিঠি লেখার জন্য ক্ষমা চাইলেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে। আজ রোববার বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। কমিটি তাঁর প্রার্থনা মঞ্জুর করেছেন।

প্রধানমন্ত্রী গাজীপুরে বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে সম্প্রতি তপন কুমার দে বিশ্বব্যাংকের কাছে একটি চিঠি লেখেন। কিন্তু প্রধানমন্ত্রী এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি জানানোর পর আজ বৈঠকে তপন কুমারকে তলব করা হয়। সেখানে ওই কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। কমিটিকে তিনি বলেন, এটি ভুল ছিল। ভুল বোঝার পর তিনি তাত্ক্ষণিকভাবে বিশ্বব্যাংককে আরেকটি চিঠি দিয়ে ভুলটি সংশোধন করেন।

বৈঠকের পর কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, একজন ভুল স্বীকার করেছেন। ক্ষমা চেয়েছেন। কমিটি তাই ক্ষমা করেছে।

আজকের বৈঠক সম্পর্কে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামে রেলওয়ের শতবর্ষী গাছ কাটার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে বন বিভাগকে মামলা করতে সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে ওই ঘটনার জন্য যারা দায়ী তাদের শনাক্ত করার কাজ শেষ হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে পরিবেশের ক্ষতি না করে ডিসি হিলের উন্নয়ন কাজ করার জন্য সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি বলেন, আগামী অক্টোবরের মধ্যে ৭০ শতাংশ ইটভাটাকে আধুনিক পদ্ধতি ব্যবহারের আওতায় আনার জন্য পরিবেশ মন্ত্রণালয়কে কার্যক্রম চালানোর সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ শতাংশ ইটভাটায় আধুনিক পদ্ধতিতে ইট পোড়ানো হচ্ছে বলে জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, এখন পর্যন্ত ১৮টি জেলায় পরিবেশ আদালত গঠিত হয়েছে। প্রতিটি জেলায় এই আদালত গঠনের জন্য আইন মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বৈঠকে অবৈধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে সাঁড়াশি আন্দোলন চালাতে বলা হয়েছে।