প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ফোনালাপে বাংলাদেশের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জন কেরি। আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের আহ্বান জানান তিনি। আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে হাসিনা-কেরি ফোনালাপের বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘জন কেরি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী জন কেরিকে জানিয়েছেন চলমান যে সংকট চলছে তা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এটা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এ অচলাবস্থা কেটে যাবে।’
ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি দেওয়া সম্পর্কে জন কেরি কথা বলেন। প্রধানমন্ত্রী জন কেরিকে বলেন, সব কিছু আইন অনুযায়ী চলছে। তাঁর (শেখ হাসিনা) এতে কোনো হস্তক্ষেপ করছে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছুর সমাধান হবে।’ এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি দুই নেতার ফোনালাপের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন। তিনি জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে অচলাবস্থা চলে যাবে। ইতিবাচক অবস্থার সৃষ্টি হবে। এই ইতিবাচক পরিবর্তন ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন কেরি। এমন অবস্থায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করলে এই ইতিবাচক পরিবেশ থাকবে কি না, সেটা বিবেচনায় রাখার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। সমঝোতার সার্বিক বিষয়টি যাতে ইতিবাচকভাবে ধরে রাখা যায়, সে ব্যবস্থা নিতেও কেরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।