কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে সরকার স্নাতকোত্তরের (ইসলামিক স্টাডিজ ও আরবি) স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মুফতি ইজাহার। কওমি মাদ্রাসাটির পরিচালক তিনি।
২০১৩ সালের ৭ অক্টোবর এই মাদ্রাসায় বোমা বিস্ফোরণে ছাত্রসহ তিনজন নিহত হন। এ ঘটনায় হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলে হারুন ইজাহারকে আসামি করা হয়। দুজনই এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এখন তাঁরা জামিনে রয়েছেন। আদালতে তিনটি মামলার বিচার চলছে।
গতকালের সংবাদ সম্মেলনে মুফতি ইজাহার বলেন, কওমি সনদের সরকারি স্বীকৃতির যুগান্তকারী পদক্ষেপকে অযৌক্তিক প্রপাগান্ডার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় কওমি সনদের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।