প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বেইজিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছালে তাঁকে স্বাগত জানান চীনের উপ–পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছালে তাঁকে স্বাগত জানান চীনের উপ–পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বিকেলে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং সফর শেষ করে রাজধানী বেইজিং পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বেলা দুইটার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের৷
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার লিউ ঝেনমিন। বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক এ সময় উপস্থিত ছিলেন। দুটি শিশু প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়। প্রধানমন্ত্রী চীনা পিপলস আর্মির একটি চৌকস দলের স্ট্যাটিক গার্ড পরিদর্শন করেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ছয় দিনের সরকারি সফরে ৬ জুন কুনমিং আসেন।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে দাইয়োইয়োতাই রাষ্ট্রীয় গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং অবস্থানকালে তিনি এখানেই থাকবেন।
শেখ হাসিনা আজ সোমবার চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে মূল বক্তব্য দেবেন। এরপর তিনি চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রীর আয়োজনে এক ভোজসভায়ও তিনি অংশ নেবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশ-চীন ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ফোরামে মূল বক্তব্য দেবেন। এদিন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান উ ঝেংশেংয়ের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী সিসিটিভি, ফনিক্স টিভি, ইউনান টিভি ও চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেবেন। এ ছাড়া চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্রছাত্রী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।
চীনা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: প্রধানমন্ত্রী গতকাল বিকেলে তিয়েনআনমেন স্কয়ারে পিপলস হিরোদের (জনবীর) স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে চীনা বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বীরদের স্মরণে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯ ও ২০ শতকে বিপ্লবের সময় এসব বীর শহীদ হন। এরপর প্রধানমন্ত্রী বেইজিং ছায়াং থিয়েটারে যান এবং চীনা শিল্পীদের অ্যাক্রোবেটিক শো প্রত্যক্ষ করেন। থিয়েটার প্রাঙ্গণে পৌঁছালে থিয়েটারের জেনারেল ম্যানেজার লিউ শিংওয়াং তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী ১১ জুন সকালে দেশের উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন এবং একই দিন বিকেলে ঢাকা পেঁৗছাবেন।