প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে আজ শনিবার সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী সংবর্ধিত হবেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা জানানো হবে প্রধানমন্ত্রীকে!
সভার আয়োজক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার নেতারা বলছেন, শিক্ষা অধিকার বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মন্ত্রীর মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।
আজ সকাল ১০টায় বান্দরবান শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে। প্রতিমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য। সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশ।
সমিতির নেতারা বলছেন, সংরক্ষিত ছুটি নিয়ে সংবর্ধনা ও শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বার্ষিক শিক্ষাকার্যক্রমে কোনো সমস্যা হবে না।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন শিক্ষক বলেন, জেলা ও উপজেলার সব বিদ্যালয়ে একসঙ্গে সংরক্ষিত ছুটি দেওয়া যায় কি না এ-সংক্রান্ত সরকারি কোনো নির্দেশনা নেই। সংবর্ধনার জন্যই প্রধান শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ে ছুটির অনুমোদন দিয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশ জানান, সরকারপ্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। একই সঙ্গে সারা দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। সরকারের যুগান্তকারী এই পদক্ষেপের কারণেই পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
কয়েকজন শিক্ষক জানান, সংবর্ধনা আয়োজনের জন্য সমিতির নেতারা প্রত্যেক বিদ্যালয় থেকে এক হাজার টাকা করে চাঁদা তুলেছেন। সংবর্ধনার জন্য জেলার ৩২৫টি সরকারি প্রাথমিক ও ১৮টি কমিউনিটি বিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা তোলা হয়েছে।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বছরে তিনদিনের (একসঙ্গে নয়) সংরক্ষিত ছুটি দিতে পারেন। সে কারণে বিদ্যালয় ছুটি নিয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হচ্ছে।’