প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন আমিনী!
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ছেলেকে গুম করে আমাকে সতর্ক করে দিয়েছেন। আমিও শেখ হাসিনা ও তাঁর সরকারকে সতর্ক করে দিচ্ছি। আমার ছেলেকে শেখ হাসিনা গুম করেছেন। আল্লাহ, তুমি শেখ হাসিনার ছেলেকে গুম করো।’গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে মুফতি আমিনী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন। আমিনী একটি পত্রিকা দেখিয়ে বলেন, এই পত্রিকার জরিপ অনুযায়ী নারীনীতি নিয়ে শেখ হাসিনার বক্তব্যের পক্ষে মতামত এসেছে ১ দশমিক ২৫ শতাংশ আর বিপক্ষে এসেছে ৯৮ দশমিক ৬৭ শতাংশ। ফজলুল হক বলেন, ‘সরকার পবিত্র কোরআনবিরোধী নারীনীতি, ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় এবং ইসলামবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করায় আমরা বাধ্য হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি।’সম্মেলনে জানানো হয়, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ২৭ মে ঢাকায় মহাসমাবেশ করবে। এ ছাড়া আগামী ৬ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন বিভাগে সমাবেশ করবে। সম্মেলনে বক্তৃতা করেন খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নায়েবে আমির আবদুল লতিফ নেজামী, শামসুল আলম প্রমুখ।আমিনীর ফাঁসি দাবি: মুফতি আমিনীর ফাঁসি দাবি করেছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, আমিনী ক্ষমতালোভী ও মতলববাজ। তিনি পাকিস্তানের চর হিসেবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে উঠেপড়ে লেগেছেন।