
বাংলাদেশের কৃষিতে উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোরনেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সফররত প্রতিষ্ঠানটির পরিচালক রোনি কোফিম্যান বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্টের পক্ষে গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে সম্মাননাপত্রটি হস্তান্তর করেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, কোরনেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডেভিড জে স্কোরটন স্বাক্ষরিত সম্মাননাপত্রে বাংলাদেশে কৃষি খাতের উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে সমর্থন জানানোর কথা বলা হয়েছে। শেখ হাসিনা সম্মাননাপত্রটি গ্রহণ করে বলেন, তাঁর সরকারের বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের জন্য এটি সম্ভব হয়েছে। সরকারের লক্ষ্য দেশের ১৬ কোটি মানুষের পুষ্টি নিশ্চিত করা।
প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা বাড়বে: বাসস জানায়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলা পর্যন্ত ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে শামীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি ভাতাপ্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, আগামী অর্থবছর থেকে প্রতিবন্ধীরা পাঁচশ টাকা করে মাসিক ভাতা পাবেন। আর সুবিধাভোগীর সংখ্যা চার লাখ থেকে বাড়িয়ে ছয় লাখে উন্নীত করা হবে।
প্রেস সচিব বলেন, বর্তমানে দেশের চার লাখ প্রতিবন্ধী সরকারের কাছ থেকে প্রতি মাসে সাড়ে তিন শ থেকে পাঁচ শ টাকা করে ভাতা পাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করতে সরকারি উদ্যোগে সহায়তা করতে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে দেশব্যাপী শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১০৩টি সেবা ও সহায়তাকেন্দ্র রয়েছে।
নেপালের প্রধানমন্ত্রীর ধন্যবাদ: বাসস জানায়, নেপালে গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার অভিযানে দ্রুত সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, সুশীল কৈরালা গতকাল সন্ধ্যায় শেখ হাসিনাকে টেলিফোন করে প্রধানমন্ত্রী এবং জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলাপকালে শেখ হাসিনা ভূমিকম্পে নেপালে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন।