প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘সরকারি অফিসে দুটি ছবি টাঙানো হয়। একটি বঙ্গবন্ধুর আরেকটি প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর ছবি না থাকলেও তাঁকে আমরা স্মরণ করব। কিন্তু প্রধানমন্ত্রীর ছবি না থাকলে স্মরণ করব কি না, ভেবে দেখতে হবে।’ এর জন্য প্রধানমন্ত্রীকে কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম অপহরণ, সংঘাতের রাজনীতি থেকে মুক্তি চাই। আপনি এর থেকে মুক্তি দিন, বাজেট সফল হবে। না হলে হবে না।’ তিনি বলেন, ‘দোয়া করি প্রধানমন্ত্রী, আপনার পিতার স্বপ্ন সফলের জন্য যে পদক্ষেপ নেবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
এর আগে আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বাজেট অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উপস্থিত না থেকে বিদেশ সফরে যাওয়ার কড়া সমালোচনা করেন। অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি হ্যামলেট করবেন আর প্রিন্স অব ডেনমার্ক থাকবে না, তা তো হয় না৷ মনে রাখবেন, এই সংসদ যদি বাজেট পাস না করে, আপনি এক টাকাও খরচ করতে পারবেন না।’
সুরঞ্জিত সেন বলেন, ‘বাজেট আলোচনা করব অর্থমন্ত্রীর জন্য। দেখলাম তিনি নেই। খবর নিয়ে জানলাম তিনি জেদ্দা গেছেন৷ বাজেট দিয়ে কোনো অর্থমন্ত্রী এভাবে বিদেশ যেতে পারেন আমার জানা নাই৷ একজন প্রতিমন্ত্রী নাকি বানাইছেন, হেইডাও নাই৷ প্লানিং মিনিস্টারও নাই৷’
সুরঞ্জিত সেন বলেন, ‘উনি (খালেদা) আসেন নাই, সিট কি খালি আছে? আপনার ভুলের মাশুল আপনাকেই দিতে হবে। আপনি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলবেন না। সংবিধান মানবেন। বলেন ভুল হয়েছে, সংসদে সিট চাই। আমাদের নেত্রী উদার আছেন। আওয়ামী লীগের সিট ছেড়ে আপনাকে নিয়ে আসবেন।’ তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ, যেই পাওয়ারের কথা শুনছে, ৬০-৭০ বছরের দাম্পত্য জীবন ছেড়ে চলে আসছে। রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে না।’
সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপনের পর বাজেটের ওপর আলোচনা শুরু হয়। অবশ্য মাগরিবের নামাজের বিরতির পর অর্থমন্ত্রী সংসদের অধিবেশনে যোগ দেন।
বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হলে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শেয়ারবাজার ও ব্যাংক লুটের ঘটনার উল্লেখ করে এরশাদ এ সময় বলেন, ‘যারা লুটপাট করল তাদের কী করেছেন? তাদের হাত কী আইন-প্রশাসনের চেয়েও লম্বা?’
এরশাদ বলেন, ‘আজ দেশে নতুন সংস্করণ হচ্ছে গডফাদার। গড়ফাদার ছিল আমেরিকা, ইতালিতে। গড়ফাদার মানে অস্ত্রের ভান্ডার, মাদকের সাম্রাজ্য। আমরা এই মাফিয়া গড়ফাদার চাই না।’ তিনি বলেন, ‘এক মন্ত্রী ২০ একর জমি থেকে গত পাঁচ বছরে তিন হাজার একর জমির মালিক হয়েছেন। এটাকে দুর্নীতি বলব কি না, জানি না।’
এরপর বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ, ফেনী ও বিহারি ক্যাম্পে যা ঘটেছে এটা বাংলাদেশে হওয়ার কথা নয়। যেদিন রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের হাতে গেছে, সেদিন থেকে রাজনীতি কলুষিত হতে শুরু করেছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এখন কেন সংলাপ হবে? ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। এ দেশে কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।
জাপার সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো হরতাল-অবরোধ বাংলাদেশকে থামিয়ে রাখতে পারছে না। বক্তৃতায় জাপার এই সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় পাশ থেকে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ দলের কয়েকজন সাংসদ তাঁকে সরকারবিরোধী বক্তব্য দিতে টিপ্পনী কাটেন।
বক্তৃতার এ পর্যায়ে হাওলাদার বলেন, ‘বিরোধিতা কী করব। বিরুদ্ধে বলার তো কিছু নেই। এখন তো বিরোধী দলের আন্দোলন নেই। ঝড়ঝঞ্ঝা নেই, হরতাল নেই।’
এর আগে দিনের বিভিন্ন সময়ে আলোচনায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ।