প্রধানমন্ত্রীকে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ
নেপালে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগতিক দেশ নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার আমন্ত্রণপত্র গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডে।
আগামী ২৬ ও ২৭ নভেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম সম্মেলন। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে অনুষ্ঠিত হবে আট জাতির আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলন।
আমন্ত্রণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা জানান, তিনি সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী সার্কের লক্ষ্যগুলো বাস্তবায়নের মাধ্যমে এই জোটকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও তাঁরা জ্বালানি, বিদ্যুৎ ও ট্রানজিট নিয়ে কথা বলেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ সম্মেলনের আগে আগামী ২৫ নভেম্বর কাঠমান্ডুতে সার্ক মন্ত্রিপরিষদের সভায় যোগ দিতে এ এইচ মাহমুদ আলীকে আমন্ত্রণ জানান।