প্রধানমন্ত্রীকে সার্ক শীর্ষ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণ
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও সার্কের সাবেক মহাসচিব ইব্রাহিম হোসেন জাকি গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত দ্বিপক্ষীয় বিষয় ও সার্কের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ বছরের ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপের পর্যটন শহর আদুতে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালদ্বীপের প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। সার্কের সদস্যভুক্ত অন্য দেশগুলোর সরকারপ্রধানের হাতেও ইব্রাহিম হোসেন জাকি আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন । ইব্রাহিম হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র দিতে গত শুক্রবার রাতে ঢাকায় আসেন।