প্রধানমন্ত্রীকে সার্ক সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডে আজ রোববার বিকেলে ঢাকায় এসেছেন। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার আমন্ত্রণপত্র তিনি কাল সোমবার সন্ধ্যায় শেখ হাসিনার হাতে তুলে দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ বিকেলে প্রথম আলোকে জানান, স্বাগতিক দেশের পক্ষ থেকে মহেন্দ্র বাহাদুর থাপা এ দফায় তিনটি সার্ক দেশের নেতাদের আমন্ত্রণ জানাতে প্রথমে ঢাকায় পৌঁছেছেন। এরপর তিনি ভুটান ও ভারত যাবেন।
খসড়া সফরসূচি অনুযায়ী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডে কাল বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র তুলে দেবেন। আগামী মঙ্গলবার সকালে ভুটান যাবেন মহেন্দ্র বাহাদুর পান্ডে।
গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনাকে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান সুশীল কৈরালা।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘শান্তি ও সমৃদ্ধির পথে গভীর সমন্বিতকরণ’। আগামী ২৬ ও ২৭ নভেম্বর কাঠমান্ডুর সিটি হলে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে তিনটি চুক্তি সই হতে যাচ্ছে। এ তিনটি চুক্তি হলো: সদস্য দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য মোটরযান চুক্তি; আঞ্চলিক রেল চুক্তি এবং যুব সনদ চুক্তি। ২২ নভেম্বর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।