নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমানের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা উল্লেখ করে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘ওসমান পরিবারের ব্যাপারে এখন প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে। সারা দেশ শ্যামল কান্তি ভক্তের পাশে দাঁড়িয়েছে। আমাদের এভাবেই দাঁড়াতে হবে।’
গতকাল শুক্রবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে ‘চলমান সাম্প্রদায়িক সহিংসতার অবসানে সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় শাহরিয়ার কবির এ কথা বলেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতা চলমান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা তো বন্ধ হচ্ছে না। একেক সরকারের আমলে একেকভাবে হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এক ধরনের সাম্প্রদায়িক সহিংসতা দেখেছি; রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে হয়েছে। অথচ রাষ্ট্র অস্বীকার করেছে। এখন দেখা যাচ্ছে, রাষ্ট্রবহির্ভূত শক্তি ও সরকারি দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্থানীয়ভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে।’
সভায় সভাপতিত্ব করেন আইনজীবী আবদুস শহীদ। আরও বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি (অব.) শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য মমতাজ লতিফ, সাধারণ সম্পাদক কাজী মুকুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সেক্রেটারি গোলাম মোস্তফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ডি এম শাহিদুজ্জামান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন প্রমুখ।