প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের ঢল, ছিল দুর্ভোগও

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে হাজির ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান তাঁরা।
তবে প্রধানমন্ত্রীর যাতায়াতের কারণে নগরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এতে অনেকে দুর্ভোগে পড়েন। তবে শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুর্ভোগ ছিল কিছুটা কম।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চট্টগ্রামের রাউজানের উরকিচর থেকে কুয়াইশ আসেন চরম মুৎসুদ্দী। গতকাল বেলা তিনটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কল্যাণে চট্টগ্রামে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্প মানুষের উপকারে আসছে। তাই প্রধানমন্ত্রীকে দেখতে গ্রাম থেকে চলে এসেছি।’ নগরের কুয়াইশ এলাকার বাসিন্দা মো. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরের মানুষ উপকৃত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডারদের সম্মেলন এবং নবম টাইগার্স রিইউনিয়ন উপলক্ষে রিইউনিয়ন প্যারেডে অংশ নেন। এরপর বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কুয়াইশ প্রান্তে সিডিএ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী বিকেল সাড়ে চারটার দিকে নগরের আগ্রাবাদের উদ্দেশে রওনা দেন। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সড়কের পাশে অবস্থান নেন।

গতকাল বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কুয়াইশ এলাকায় অবস্থান করে দেখা গেছে, এই এলাকায় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে উচ্ছ্বাস-আনন্দ যেমন ছিল, তেমনি অনেক মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। এই প্রান্তে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এ জন্য বেলা একটার পর থেকে কাপ্তাই সড়কের মোহরার ধোপখাল থেকে কুয়াইশ পর্যন্ত দেড় কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একটি অংশে পথচারীদের হাঁটাচলাও বন্ধ করা হয়। এতে লোকজনকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। পথচারীদের চলাচল বন্ধ রাখায় লোকজনকে বিলের মধ্যে দিয়েও হাঁটতে হয়েছে।
রাঙামাটির কাপ্তাই থেকে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরে ফিরছিলেন চাকরিজীবী আবুল কাশেম। তাঁদের বহনকারী বাসকে কুয়াইশ এলাকায় থামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘সড়কে গাড়ি চলাচল তো বন্ধ রেখেছে, হাঁটতেও দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই বাধ্য হয়ে বিল দিয়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। কিন্তু সেখানে পাশাপাশি দুজন চলার জায়গা নেই।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য চট্টগ্রাম সেনানিবাস থেকে কুয়াইশ পর্যন্ত গতকাল বেলা তিনটা থেকে, কুয়াইশ থেকে আগ্রাবাদ পর্যন্ত তিনটা ৫০ মিনিট থেকে এবং আগ্রাবাদ থেকে বিমানবন্দর পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে সাড়ে চারটার পর যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে দায়িত্ব নিয়েছেন। ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চট্টগ্রামবাসী রাজপথে নেমে আসেন। একই সঙ্গে নগরের গুরুত্বপূর্ণ মোড় অক্সিজেন, কুয়াইশ, জিইসি মোড়, টাইগারপাস, দেওয়ানহাট, বাদামতলী, বারিক বিল্ডিং মোড়ে নেতা-কর্মীরা অবস্থান করেন। তাঁদের সঙ্গে নগরবাসীও যোগ দেন।