ফিজিওথেরাপির শিক্ষার্থীদের আন্দোলন
প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশের লাঠিপেটায় আহত ২০
ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের দাবিতে গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করা শিক্ষার্থীদের শাহবাগে লাঠিপেটা করেছে পুলিশ। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুপুরে চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন।শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকলে চারুকলার সামনে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশি বাধা পেরিয়ে সামনে যেতে চাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে অন্তত ২০ জন আহত হন। আহত শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষের মুস্তাফিজুর রহমান, আরিফ, শাহীন; দ্বিতীয় বর্ষের আসাদ, হারুন, নূপুর, শম্পা; প্রথম বর্ষের লিরা, প্রদীপ, মুন, শাম্মী, আসিফ, সঞ্চিতা ও মামুন। অন্যদের নাম জানা যায়নি।পুলিশের লাঠিপেটার পর শিক্ষার্থীরা শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনের রাস্তায় অবস্থান করেন। এ সময় আহত শিক্ষার্থীদের অনেকেই সেখানে শুয়ে পড়েন। অনেক শিক্ষার্থীকে কিছুক্ষণ পর পর বমি করতেও দেখা গেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনশন পালন করার কারণে তাঁরা এমনিতেই অসুস্থ। তার ওপর পুলিশ ছাত্রছাত্রী-নির্বিশেষে লাঠিপেটা করেছে। তবে লাঠিপেটার কথা অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ফিজিওথেরাপির শিক্ষার্থীদের মিছিল চারুকলার সামনে আটকে দেওয়া হয়। কিন্তু লাঠিপেটা করা হয়নি। তাঁদের নিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে বলা হয়েছে।