জাতীয় শিক্ষানীতি ২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবিতে ১৬ মে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সারা দেশে জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হবে।
গতকাল সোমবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি দাবি করেন, ইসলামবিরোধী শিক্ষাকে আইনি ভিত্তি দিতে ও কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণে নিতে সরকার তড়িঘড়ি করে শিক্ষা আইন পাস করার উদ্যোগ নিয়েছে।
বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘বর্তমান শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইনের ক্ষতিকর দিক এবং স্কুলের পাঠ্যবই থেকে ইসলামি ভাবাপন্ন লেখা বাদ দিয়ে নাস্তিক্য ও হিন্দুত্ববাদের কোন কোন লেখা যুক্ত করা হয়েছে, তা আমরা স্মারকলিপির মাধ্যমে সরকারকে জানাব। এর মধ্যে পাঠ্যবই সংশোধনের বিষয়ে সঠিক পদক্ষেপ না নিলে আন্দোলনকে তীব্র করে তুলব।’ বিজ্ঞপ্তি।