নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হতে পারে।
ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ স্বাক্ষরিত স্মারকলিপিটি গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের কাছে জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সদস্যসচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘আপনি বিভিন্ন সময় সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনি বিভিন্ন সময়ে বলে থাকেন, সন্ত্রাসী ও অপরাধী যে-ই হোক না কেন, সে অপরাধী হিসেবেই পরিচিত হবে, সে দলের হোক আর দলের বাইরে হোক। পঁচাত্তরের ১৫ আগস্ট আপনি পিতা-মাতা, আত্মীয়-পরিজনসহ শিশু ভাইকে হারিয়েছেন। তাই স্বজন হারানোর বেদনা আপনি বোঝেন। আমরা দেশের অভিভাবক হিসেবে নিরপরাধ কিশোর (ত্বকী) হত্যার বিচারের জন্য আপনার নিকট বিনীত আবেদন জানাই। আমরা বিশ্বাস করি, আপনার সদিচ্ছা এই নির্মম হত্যার বিচারকে নিশ্চিত করতে পারবে।’
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, নারায়ণগঞ্জের ৯৯ শতাংশ মানুষ ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। অপরাধী যে-ই হোক না কেন, তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তিনি (প্রধানমন্ত্রী) আমাকে নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জের প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’