প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগে আরও তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে রংপুরে মানহানির এবং ঝালকাঠি ও যশোরে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনে মামলা তিনটি করা হয়।

এর আগে এই হুমকির অভিযোগে ইরাদের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও টাঙ্গাইলে মামলা হয়েছে।

রংপুর: দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মানহানির মামলাটি করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। এতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি রেজাউল হক রেজা জানান, বিচারক মোশতাক আহমেদ দণ্ডবিধির ৫৫০ ও ৫০১ ধারায় দায়ের করা বাদীর অভিযোগ আমলে নেন। তবে অভিযোগ সাইবার সংক্রান্ত হওয়ায় বিচারক তা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেন।

ঝালকাঠি: দুপুর ১২টার দিকে ঝালকাঠি আদালতের সরকারি কৌঁসুলি (এজিপি) বনি আমিন বাকলাই বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন। মামলাটি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে করা হয়। বিচারক রমনি রঞ্জন চাকমা অভিযোগ আমলে নিয়ে তা এজাহার হিসেবে নেওয়ার আদেশ দিয়ে ঝালকাঠি সদর থানায় পাঠান।

মামলার বাদী বনি আমিন বাকলাই জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান রসূল বলেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কেও কটূক্তি করেছেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নিতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন। থানা এজাহারটি এফআইআর হিসেবে রেকর্ড করে আসামিকে গ্রেপ্তার ও মামলাটি তদন্ত করতে পারবে।

যশোর: যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা দাখিল করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম। রোববার দুপুরে জহুরুল ইসলাম আইনজীবীর মাধ্যমে আমলি আদালতের বিচারক বুলবুল ইসলামের কাছে এ আবেদন দাখিল করেন।

বাদী পক্ষের আইনজীবী সাজ্জাদ মুস্তাফা রাজা বলেন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা করা হয়েছে। আদালত এজাহার হিসেবে মামলাটি গ্রহণ করার জন্য যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; যশোর অফিস ও পিরোজপুর প্রতিনিধি)

 আরও পড়ুন: