প্রধানমন্ত্রীকে হাতি দিয়ে অভ্যর্থনা!
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বুধবার চট্টগ্রামের মহাসমাবেশে হাতি দিয়ে অভ্যর্থনা জানানো হবে। এ জন্য কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দুটি হাতি আনা হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ হাতি আনার এ উদ্যোগ নেন।সূত্র জানায়, দুই দিন আগেই হাতি দুটি চট্টগ্রামে আনা হয়েছে। এখন হাতি দুটিকে নগরের ষোলশহর বন গবেষণাগারের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে রাখা হয়েছে।উপ-বন সংরক্ষক জগলুল হোসেন প্রথম আলোকে বলেন, হাতি সাধারণত মানুষ দেখলে শুঁড় ওঠায়। এখানেও প্রধানমন্ত্রীর দিকে শুঁড় তুলে অভ্যর্থনা জানাবে।মন্ত্রী হাছান মাহমুদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি হাতির মধ্যে একটি চট্টগ্রামবাসীর পক্ষে এবং অপরটি রাঙ্গুনিয়াবাসীর পক্ষে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে। সূত্র জানায়, হাতি দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর বিষয়টি ইতিমধ্যে অনুমোদন করেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কাজে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। আজ দুপুরে জনসভা শুরুর প্রাক্কালে সভামঞ্চের আশপাশে অবস্থান নেবে হাতি দুটি। এ সময় হাতি দুটির তদারকির জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন একজন পশু চিকিৎসক, বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের চারজন কর্মকর্তা ও দুজন মাহুত।এ প্রসঙ্গে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, হাতি দিয়ে রাজা-বাদশা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান জানানো বাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি। সেই ঐতিহ্য সামনে রেখেই প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে হাতি দিয়ে সম্ভাষণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।