প্রধানমন্ত্রীকে হেফাজত নেতাদের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার অপহৃত হওয়ার পর ত্বরিত কার্যকর পদক্ষেপ নিয়ে তাঁকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হেফাজতের বিবৃতিতে বলা হয়, ফরহাদ মজহারের জীবন রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ গতকাল রাতে মুঠোফোনে বিবৃতি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

গত সোমবার ভোরে ওষুধ কেনার জন্য ফরহাদ মজহার ঢাকার আদাবর এলাকার বাসা থেকে বের হলে কয়েকজন লোক একটি মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়। সেদিনই রাত সাড়ে ১১টায় যশোরের অভয়নগর এলাকার একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বিবৃতিতে হেফাজত নেতারা স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপে দেশপ্রেমিক সব নাগরিক সহযোগিতা করবে।

বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের জে৵ষ্ঠ নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুঈনুদ্দীন রুহী প্রমুখ।