'নারী আন্দোলনকর্মীদের কথা শুনতে হবে' প্রধানমন্ত্রীকে

বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় ‘বিশেষ বিধান’ বহাল রেখে মেয়েদের বিয়ের বয়স কমানো হলে ৬৮টি নারী ও মানবাধিকার সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধিরা রাজপথে নামার ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারী অধিকার আন্দোলন কর্মীদের কথা শোনার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
কমিটির পক্ষ থেকে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়। তবে তাঁদের রাজপথে নামতে বাধ্য না করারও আহ্বান জানান হয়।
বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া থেকে মেয়েদের বিয়ের বয়স কমানো বিষয়ক বিশেষ বিধান বাতিল করে শর্তহীন ভাবে বিয়ের বয়স ১৮ বছর করার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক। এতে বিয়ের বয়স শর্তহীন করার দাবিতে এ পর্যন্ত প্রায় বছরব্যাপী সামাজিক প্রতিরোধ কমিটি যেসব কর্মসূচি পালন করেছে তা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এতে আরও বলা হয়, আইনে বিশেষ বিধান বহাল রেখে শর্তসাপেক্ষে মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘জানতে পারলাম, আইনের খসড়ায় বিশেষ বিধান বহাল রাখা হচ্ছে। এটা নারী আন্দোলনের জন্য চরম দুর্ভাগ্য। এ ধরনের আইন কার্যকর হলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টারে নির্যাতনের শিকার ভিকটিমের সংখ্যা বাড়বে। সরকার কী তাহলে সিদ্ধান্ত নিয়ে অগ্রগতির চাকা পিছিয়ে দিতে চাইছে?’
সামাজিক প্রতিরোধ কমিটির সচিবালয় হিসেবে কাজ করছে বাংলাদেশ মহিলা পরিষদ। আয়শা খানম আরও বলেন, কমিটির পক্ষ থেকে আবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টা চালানো হবে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘বিষয়টি দাঁড়িয়েছে, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। বিশেষ বিধান বহাল রেখে তাৎক্ষণিকভাবে দেশে বাল্যবিয়ের হার কম তা দেখানো সম্ভব হবে। তবে দীর্ঘ মেয়াদে তার পরিণতি হবে ভয়াবহ। তাই আমাদের যাতে আন্দোলনে যেতে না হয় সরকারকে তা দেখতে হবে।’
উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘বিয়ের বয়স কমানো শিশু হত্যার শামিল। মেয়েদের বিয়ের বয়স শর্তহীন ভাবে ন্যূনতম ১৮ বছর রাখতেই হবে। এর কোনো বিকল্প নেই। সরকার যে ধরনের সিদ্ধান্ত নিতে চাচ্ছে তাতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন। এ ধরনের আইন হলে আমরা হজম করতে পারব না।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমাদের কথা শুনতে হবে। কোনো ভাবেই আমরা এ ধরনের আইন মেনে নিব না। এ আইন হলে বিয়ের মাধ্যমে ‘মেরিটাল রেপ’ কে উৎসাহিত করা হবে। আমরা আরও পিছিয়ে যাব? এটা হয় না।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রধানমন্ত্রীকে নারীবান্ধব প্রধানমন্ত্রী আখ্যায়িত করে তাঁর সময়ে এ ধরনের আইন কেমন করে হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে কন্যাশিশুরা নিজেরা বাল্যবিয়ে ঠেকানোর কাজ করছে তারা হতাশ হয়ে গেছে। তারা বলছে, আইন হয়ে গেলে তো তারা আর কিছু করতে পারবে না।
মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে বলে সরকারের পক্ষ থেকে যে যুক্তি দিয়ে বিশেষ বিধান বহাল রাখার পক্ষে সরকার যুক্তি দিচ্ছে তারই কোনো ‘যুক্তি’ নেই উল্লেখ করে শাহীন আনাম তাঁর সংগঠনের করা গবেষণার উদাহরণ দিয়ে বলেন, এক দশমিক পাঁচ শতাংশ মেয়ে পালিয়ে বিয়ে করছে। দেশে এত দিন কি এই বিশেষ পরিস্থিতি হয়নি? আর ব্যতিক্রম উদাহরণের জন্য কখনো আইন করা হয় না।
সংবাদ সম্মেলনে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, ব্র্যাকের চিররঞ্জন সরকার, কর্মজীবী নারীর রোকেয়া রফিক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের দিলীপ সরকার, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নাসিমুন আরা হক, দীপ্ত ফাউন্ডেশনের মাহমুদা ইমাম, আইন ও সালিশ কেন্দ্রের রওশন জাহান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাহনাজ সুমী এবং নারীপক্ষের রওশন আরা বক্তব্য দেন।