ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের আর্থসামাজিক খাতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস শহরে শুরু হবে ডব্লিউইএফের চার দিনব্যাপী এই সম্মেলন। এতে যোগ দিতে পাঁচ দিনের সফরে আজ রোববার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলে আরও থাকবেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডব্লিউইএফ সুইজারল্যান্ডভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববাণিজ্য বৃদ্ধি ও প্রসারে নিয়ামকের ভূমিকা পালন করে থাকে। সমসাময়িক বিশ্বরাজনীতি ও অর্থনৈতিক বাস্তবতা নিরূপণ এবং ব্যবসা-বাণিজ্যের গতি-প্রকৃতি, নিয়ামক ও করণীয় বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ধারণা, পন্থা ও সমাধানের উপায় ব্যাপক আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করা সংস্থাটির মূল উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে নীতিনির্ধারক, শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বাণিজ্য, শ্রম ও আর্থিক প্রতিষ্ঠানসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিসহ সমাজের সর্বস্তরের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডব্লিউইএফ বিশেষ গুরুত্বারোপ করে থাকে।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারপ্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশ নিতে এবারই প্রথম আমন্ত্রণ জানিয়েছে ডব্লিউইএফ। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী ও তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের আর্থসামাজিক খাতে বিনিয়োগে বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণে অনুঘটকের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।