প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-চান্দখালী-বাকেরগঞ্জ সড়কের বেশির ভাগ অংশেই কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। অনেক অংশে রাস্তার চিহ্নও নেই। এতে এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। একই কারণে বরগুনা থেকে বরিশাল যেতে দেড় ঘণ্টার বদলে সাড়ে তিন ঘণ্টা সময় লাগছে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা থেকে পটুয়াখালী হয়ে বরিশাল যেতে সময় লাগে সাড়ে চার ঘণ্টা। ফেরি পার হতে হয় তিনটি। কিন্তু বরগুনার চান্দখালী থেকে বাকেরগঞ্জ হয়ে বরিশাল যেতে সময় লাগে মাত্র দেড় ঘণ্টা। আর এই পথে ফেরি পার হতে হয় মাত্র একটি। ২০০৪ সালে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হয়। ছয় মাস আগে এক কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় ইট, সুরকি ও বিটুমিন উঠে গিয়ে রাস্তা মাটির সঙ্গে মিশে গেছে। সরেজমিনে দেখা গেছে, এ সড়কের খলিশাখালী থেকে কিসমতপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কাঁঠালতলী থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিসমতপুর এলাকার সবুজ মিয়া বলেন, ছয় মাস আগে রাস্তা সংস্কার করা হয়। কাজ এত নিম্নমানের হয়েছে যে, এক মাসের মধ্যে এই সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাসযাত্রী নান্না বয়াতি বলেন, ‘এই রাস্তা দিয়ে বাসে যাতায়াতের সময় জানে পানি থাকে না। ধুলা-বালু নাক ও মুখে ঢোকায় শ্বাস নিতে কষ্ট হয়।’ সড়ক ও জনপথের (সওজ) বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বরগুনা-চান্দখালী-বাকেরগঞ্জ ৫৭ কিলোমিটার রাস্তার ৪৫ কিলোমিটার বরগুনা সওজের আওতাভুক্ত। বাকি রাস্তা সওজের বরিশাল কার্যালয়ের অধীন। সওজের কর্মকর্তারা আরও জানান, ২০০৮-০৯ অর্থবছরে এই রাস্তায় ৯০ লাখ টাকা ব্যয়ে ছয়টি গুচ্ছ প্রকল্পের আওতায় সংস্কারকাজ হয়। গত নভেম্বরে এই কাজ শেষ হয়। কাজ এতটাই নিম্নমানের হয়, কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যে সবকটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে যায়। সওজের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উত্পল সামন্ত বলেন, বরগুনা-চান্দখালী-বাকেরগঞ্জ রাস্তা মেরামতের জন্য এই অর্থবছরে ৫৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বরাদ্দের কাগজপত্র হাতে পাইনি। রাস্তা সংস্কারের জন্য কয়েক কোটি টাকা প্রয়োজন।