প্রধানমন্ত্রীর অনুশাসন সঠিক খাল উদ্ধার করতেই হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্স কালভার্ট ভেঙে খালের জায়গা ফিরিয়ে আনার যে অনুশাসন দিয়েছেন, তা সঠিক। খাল সম্পূর্ণ উদ্ধার করে ওপরে যদি এলিভেটেড এক্সপ্রেস করা হয়, নিচে দুই পাশে দুটি পিলার থাকলেও পানির প্রবাহে বাধা আসবে না। তবে এটা বাস্তবায়ন নিশ্চয়ই চ্যালেঞ্জিং।
সত্তর দশকে দেখেছি খালগুলো এত প্রশস্ত যে, বড় বড় নৌকা চলত। ধোলাই খালের অনেকগুলো মাথা ছিল, একটা মাথা ছিল নীলক্ষেতে, যেখানে তোশকের দোকান রয়েছে। সেখান থেকে এসে ইডেন কলেজ ও লালবাগের পাশ দিয়েও গেছে। সেগুনবাগিচা খালটির উৎপত্তি রমনা পার্কের কাছে, ষাটের দশকে সেখানে বড় বড় নৌকা চলতে দেখেছি। ইব্রাহিমপুর খাল আশির দশকেও অনেক চওড়া দেখেছি।
যারা দখল করেছে, তারা তো দলিলও বানিয়ে ফেলেছে। অথচ খাল তো তাদের ছিল না, এটা তো দলিল হতে পারে না। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে সোজা বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।
দখলদারদের সঙ্গে কোনো আপস করা যাবে না, প্রয়োজনে কিছু ক্ষতিপূরণ দিতে হবে। তবে ভেঙে দেওয়ার সময় সবচেয়ে বেশি বাধা দেবেন রাজনীতিবিদেরা। বড় কর্তারা। আমি একটি অন্য ধরনের উদাহরণ দিই। সুনামগঞ্জে জুলাই মাসে যে বন্যা হলো, গ্রামের লোক কিন্তু ত্রাণ চাননি। তাঁরা বলেছেন, ভাসান পানির মাছ ধরার অধিকার দিন।
সেখানে কারও আছে ১০ একর জায়গা, পাশেরটা হয়তো ২০ একর, তার পাশেরটা ৩০ একর। সব বিল তো একত্র হয়ে গেছে। মধ্যখানে যে জায়গা, তা হয়তো ব্যক্তিগত কারও মালিকানায় আছে। ব্যক্তিগত মালিক বলেছেন, ‘আমার জমিতে আমাকে মাছ ধরতে দিন।’ স্থানীয় থানা নির্বাহী কর্মকর্তারা দেখলাম বলছেন, ‘এটা তো খুব ভালো কথা, এই পানিতে তারা যদি মাছ ধরতে পারে, এটা তাদের জীবিকা হয়ে যেতে পারে। তাই ত্রাণ কার্যক্রম পরে করলেও হবে।’ বাধা দিলেন কারা? বাধা দিলেন এমপি সাহেবরা। কারণ এমপি সাহেবরা সবাই জেলে সম্প্রদায়ের লোক! কারণ, জেলে না হলে তো জলমহালের ইজারা পাওয়া যায় না। তাঁরা ভাসান মাছের বিষয়ে সম্পূর্ণ বিরোধিতা করলেন। সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারল না।
এখন প্রধানমন্ত্রী যা বলেছেন, সে অনুসারে খালগুলোকে খালের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা সঠিক সিদ্ধান্ত। আমরা ৩০ বছর ধরে বলছি খালের অবস্থা ফিরিয়ে দিতে। ৪২টা খালের মাধ্যমে ঢাকা শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। শহরের পশ্চিম, পূর্ব, দক্ষিণ—তিন দিকেই ঢাল। ডিএনডি এলাকায় শিমরাইলে যে খালটা, সে খালের মাথায় পাম্প স্টেশন আছে, যে পাম্প স্টেশনে পানি যায় না। সেখানে খালগুলো সব দখল হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে মূল খাল উদ্ধার করতে হবে।