প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের প্রস্তাব বিএনপির প্রত্যাখ্যান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রস্তাব প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বিএনপি চাইলে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে পারবে। এ নিয়ে তারা সংসদে প্রস্তাব আনতে পারে। বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ওমরাহ পালনের উদ্দেশ্যে শিগগিরই সৌদি আরব যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ওই প্রস্তাবের পর দলের অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্য আনুষ্ঠানিকভাবে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র আরও জানায়, খালেদা জিয়া দেশে ফেরার পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির আরেকটি বৈঠক হবে। ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন’: এর আগে এক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘ধানাইপানাই না করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়।’গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। ইফতার অনুষ্ঠানে স্থানীয় সরকারের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেন।ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, বিএনপি নির্বাচন চায়। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছে, এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা সংসদে কোনো ভূমিকা রাখতে পারছি না। কেননা, আমাদের জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে কথা বলতে দেওয়া হয় না।’ তিনি বলেন, তাঁর দল ক্ষমতায় গেলে স্থানীয় সরকারকে শক্তিশালী করবে। প্রতিনিধিদের ক্ষমতা বাড়াবে।বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, মন্ত্রীদের লুটপাটের কারণে দেশের মানসম্মান আজ প্রশ্নবিদ্ধ। দেশের সড়কের অবস্থা খারাপ। অথচ সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু কাজ না করে এই অর্থ লুটপাট করা হচ্ছে।‘নির্দলীয় অন্তর্বর্তী বললে সমস্যার সমাধান’: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি শুধু একবার বলে দেন, আগামী নির্বাচন একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। গণতন্ত্র সুরক্ষিত হবে। দেশে শান্তি নেমে আসবে।’গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মওদুদ এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাস পোড়ানোর মামলায় বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে সোমবার দেশের সব জেলা বারে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।