সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য
প্রধানমন্ত্রীর অবস্থানের পক্ষে সমর্থন সম্মিলিত সাংস্কৃতিক জোটের
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে সমর্থন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের নেতারা বলেছেন, বিশ্বে ন্যায়বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত গ্রিক দেবীর ভাস্কর্যকে শাড়ি পরিয়ে শিল্পকর্মটিকে বিকৃত করা হয়েছে।
গত বুধবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা ।
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গতকাল বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানান, তাঁরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে তাঁরাও মনে করেন। তবে এবার পয়লা বৈশাখ পালনে কড়াকড়ির ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
ভাস্কর্য প্রসঙ্গে গোলাম কুদ্দুছ বলেন, ‘একে শাড়ি পরানো ঠিক হয়নি। এর কোনো যৌক্তিকতা নেই। ভাস্কর্যটির সৌন্দর্য ব্যাহত হয়েছে। তবে এটি সরানোর ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা যেকোনো সৃষ্টিশীল নান্দনিক ভাস্কর্যের পক্ষে।’
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে আরও অংশ নেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ ও হাসান আরিফ।
নাট্যজন মামুনুর রশীদ বিবিসিকে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভাস্কর্যকে শাড়ি পরানোটা আসল জায়গা থেকে সরে গেছে। কিন্তু ন্যায়বিচারের প্রতীক যে ভাস্কর্য আছে, তা সুপ্রিম কোর্টে রাখলে কোনো অসুবিধা নেই।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গ্রিক দেবীর ভাস্কর্য যে বিকৃতভাবে করা হয়েছে, এ ব্যাপারে জোটের নেতারা একমত হয়েছেন।