
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কর্মসূচি উদ্বোধন করতে আজ বুধবার কুড়িগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে আজ সকালে চিলমারী উপজেলায় আসবেন। এরপর সড়কপথে থানাহাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে বেলা সোয়া ১১টায় এক সমাবেশে ভাষণ দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা প্রমুখ। সমাবেশে কার্ডধারী ১৫ জন হতদরিদ্র ব্যক্তির হাতে ১০ টাকা কেজি দরে চাল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদির বলেন, কুড়িগ্রামের ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার সরকারের এ খাদ্যবান্ধব কর্মসূচির সুফল পাবে। এরই মধ্যে চিলমারীর ৮ হাজার ২১টি পরিবারকে এ জন্য কার্ড দেওয়া হয়েছে। সদরে ১৭ হাজার ৭২২টি, নাগেশ্বরীতে ২৪ হাজার ২০টি, ভূরুঙ্গামারীতে ১৩ হাজার ৯৮৫টি, ফুলবাড়ীতে ৯ হাজার ২৯৮টি, রাজারহাটে ১০ হাজার ৬০২টি, উলিপুরে ২৪ হাজার ২০৮টি, রৌমারীতে ১২ হাজার ৬৮৫টি ও রাজীবপুরে ৪ হাজার ৭৩৮টি কার্ড বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।
গতকাল চিলমারীসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, উৎসবের আমেজ বিরাজ করছে। নানা রঙের পোস্টার, ব্যানার ও তোরণে ছেয়ে গেছে। মোটর শোভাযাত্রা ও মিছিলে মুখরিত এলাকা।
গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে জেলা ছাত্রলীগ শুভেচ্ছা মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে শেষ হয়। এখান থেকে চিলমারীতে যাওয়ার পুরো পথে চোখে পড়ে অসংখ্য তোরণ।
চিলমারী হেলিপ্যাডে সকাল ১০টায় নামবেন প্রধানমন্ত্রী। পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে মোড়ানো। এতে এলাকাবাসীর চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। এরপরও তারা খুশি। বজরা তবকপুরের কৃষক আখের আলী বলেন, ‘শ্যাখের বেটি চিলমারীর মতো জাগাত আসপার নাগছে, এইতে হামরা খুশি। অসুবিধা ফির কী।’
উপজেলা পরিষদ চত্বরে দেখা যায় একদল নারীর জটলা। প্রধানমন্ত্রী যেখানে ভাষণ দেবেন, সেই মঞ্চ দেখতে এসেছেন তাঁরা। আর্জিনা বেগম বলেন, ‘কাল (বুধবার) মানষের ঠ্যালায় আসপার পাম না। তাই আজ দেখি যাই।’
উপজেলা পরিষদ চত্বরে কথা হয় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকারের সঙ্গে। তিনি বলেন, চিলমারী বন্দরটি আবার চালু করলে এবং আন্তনগর ট্রেন চালু হলে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব চিলমারীর মানুষের ভাগ্যোন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। পাশাপাশি ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে পশ্চিম তীর সংরক্ষণ করা জরুরি। প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি রাখতে এলাকাবাসী।
কুড়িগ্রাম রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির প্রধান সমন্বয়ক নাহিদ নলেজ বলেন, দ্বিতীয় তিস্তা সেতুর নকশায় রেলপথ যুক্ত করলে ঢাকার সঙ্গে ২০০ কিলোমিটার দূরত্ব কমবে। গণকমিটি এই দাবি তুলে ধরবে।
এ আসনের সাবেক সাংসদ জাকির হোসেন বলেন, ‘রৌমারী ও রাজিবপুরবাসীর একটাই দাবি, আমরা কুড়িগ্রামের সঙ্গে আছি ও থাকব। কুড়িগ্রাম থেকে ভেঙে জামালপুরে যাব না। পৃথক করতে চাইলে আলাদা জেলার মর্যাদা দিতে হবে। এ দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে।’
জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী বলেন, দারিদ্র্য বিমোচনে কোনো কর্মসূচি নিলে প্রধানমন্ত্রী কুড়িগ্রামেই তার উদ্বোধন করেন। ২০১০ সালে ‘ন্যাশনাল সার্ভিস’ চালু করেছিলেন এখান থেকেই। এটা কুড়িগ্রামের প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ।