প্রধানমন্ত্রীর আট 'বিশেষ উদ্যোগ' প্রচার করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশেষ উদ্যোগ’ হিসেবে নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটটি কর্মসূচি প্রচারের ব্যবস্থা করবে সরকার। এসব কর্মসূচিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয় এর বার্তাগুলো প্রচারের কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমদ।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের ব্র্যান্ডিং ও গণজ্ঞাপন’ বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তথ্য সচিব এসব কথা বলেন। এতে শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মরতুজা আহমদ বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমুখী উদ্ভাবনী উদ্যোগের মধ্যে আটটি ক্ষেত্র বিশেষ গুরুত্ব পেয়েছে। এগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রচারের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে সরকারি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে সম্ভাব্য সব সহযোগিতা দেবে তথ্য মন্ত্রণালয়।’
প্রধানমন্ত্রীর গণমুখী উদ্ভাবনী উদ্যোগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এ আটটি কর্মসূচি হচ্ছে—একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ। এসব কর্মসূচিকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ বলে অভিহিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক লিয়াকত আলী খান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষসহ ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (জিআইইউ) দেবব্রত চক্রবর্তী এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শওকত আলী সভায় অংশ নেন।