প্রধানমন্ত্রীর আতিথেয়তায় শ্রীপুর শিশুপল্লির শিশুদের একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আতিথেয়তায় শ্রীপুর শিশুপল্লির শিশুদের জীবনের একটি দিন স্মরণীয় হয়ে থাকল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এ শিশুপল্লির সুবিধাবঞ্চিত প্রায় চার শ শিশু তাদের অভিভাবক প্যাট্রিসিয়া কেরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার গণভবনে আসে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ও আনন্দঘন সময় কাটে তাদের। ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শ্রীপুরে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এই শিশুপল্লি (শিশুপল্লি প্লাস)। এখানে সহায়-সম্বলহীন মা এবং তাদের সন্তানদের আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমাজে নিজেকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। পল্লির শিশু এবং তাদের মায়েদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘সমাজে মর্যাদাবান নাগরিক হিসেবে প্রতিটি শিশুকে গড়ে তুলতে তাদের আশ্রয়, শিক্ষা ও সমর্থনদানের সরকারি প্রচেষ্টায় আপনারা সহায়কের ভূমিকা পালন করছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না কোনো শিশু তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হোক। আমরা প্রতিটি শিশুর জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।’এ সময় শিশুপল্লির জমিসংক্রান্ত জটিলতা নিষ্পত্তির আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি পল্লির দেওয়া সুযোগের সদ্ব্যবহারের আহ্বান জানান এসব শিশুর প্রতি। পল্লির শিশুদের অভিভাবক প্যাট্রিসিয়া কের বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর উষ্ণ সংবর্ধনা ও আতিথেয়তায় মুগ্ধ। দুবাইয়ে উটের জকি হিসেবে কাজ করা কিশোর রবিন আহমেদ এবং শৈশবে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হওয়া কিশোরী মা মঞ্জুরি রানী দেবনাথ তাদের জীবনের দুঃখগাথা তুলে ধরে। পাশাপাশি তারা জানায়, শিশুপল্লির সহায়তায় তারা কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠছে। রবিন এখন মিরপুরে এসওএস শিশুপল্লিতে কার্পেটিংয়ের ওপর বৃত্তিমূলক প্রশিক্ষণ নিচ্ছে। অপরদিকে এক সন্তানের মা মঞ্জুরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনার পাশাপাশি শিশুপল্লিতে সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন ও পল্লির নির্বাহী পরিচালক খাদেজা সুলতানা উপস্থিত ছিলেন।শিশুপল্লি প্লাসের সাবেক দুই ছাত্রী সুরাইয়া বেগম ও নূরুন্নাহার আখতার অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে পল্লির শিশুরা তাদের বিশাল আকৃতির একটি চিত্রকর্ম প্রধানমন্ত্রীকে উপহার দেয় এবং বেশ কয়েকটি দেশাত্মবোধক ও লোকসংগীতসহ নৃত্য পরিবেশন করে। বাসস।