প্রধানমন্ত্রীর আমানত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্ষিক আয় বেড়েছে প্রায় ৪০ লাখ ৩৭ হাজার টাকা। এই সময়ে তাঁর নামে আমানতও বেড়েছে। এর মধ্যে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ২৫ লাখ ৬৮ হাজার টাকা। আর স্থায়ী আমানত হিসেবে বিনিয়োগ করেছেন প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা। অব্যাহতি পেয়েছেন তাঁর নামে থাকা সব মামলা থেকেও।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে তাঁর দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। এবার শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে হলফনামা দিয়েছেন। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির এ জেড অপু শেখ।
হলফনামায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্ষিক আয় দেখানো হয় ৭০ লাখ ১৪ হাজার ১০ টাকা। এর মধ্যে কৃষি খাতে ৭৫ হাজার, বাড়িভাড়া থেকে এক লাখ ৩৮ হাজার ৬২৫ টাকা, মৎস্য খামার ব্যবসা থেকে চার লাখ ৫০ হাজার, ব্যাংক আমানত ৪৬ লাখ ৪৭ হাজার ১৮৫ টাকা, চাকরি থেকে সাত লাখ তিন হাজার ২০০ টাকা এবং গাছ বিক্রয়সহ অন্যান্য বাবদ ১০ লাখ টাকা।
পাঁচ বছর আগে শেখ হাসিনার বার্ষিক আয় ছিল ২৯ লাখ ৭৭ হাজার ৬৭ টাকা। এর মধ্যে কৃষি খাতে আয় ছিল চার লাখ ৫০ হাজার টাকা। বাড়ি, দোকান বা অন্যান্য ভাড়া থেকে চার লাখ ৪৮ হাজার, শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত ছিল ২০ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা।
এবার শেখ হাসিনার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা চার লাখ ৯৮ হাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থ এক কোটি তিন লাখ ১৫ হাজার ৮৩৫ টাকা। স্থায়ী আমানতে বিনিয়োগ পাঁচ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯১৫ টাকা। তাঁর মোটরগাড়ি (ঢাকা মেট্রো ঘ-১১-৪১৮৫) দানে পাওয়া। স্বর্ণসহ অলংকারাদি ১৩ লাখ ২৫ হাজার টাকার। আসবাবের মূল্য সাত লাখ ৪০ হাজার টাকা। তাঁর নিজ নামে কৃষিজমির পরিমাণ ছয় একর। আর পাঁচ একর জমি যৌথ মালিকানায়—যেখানে তাঁর অংশ ৫০ শতাংশ।
গতবার শেখ হাসিনার নগদ টাকা ছিল এক লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থ ছিল তিন কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৯০৪ টাকা। গাড়ির বিপরীতে তখন ছয় লাখ টাকা দেখানো হয়। স্বর্ণসহ অলংকারাদি ও আসবাবের মূল্য এবারের মতোই।
শেখ হাসিনার নিজ নামে কৃষিজমির পরিমাণ পাঁচ বছর আগে ছিল চার একর। তখন স্বীমার নামে ছিল তিন একর এবং যৌথ মালিকানায় ছিল পাঁচ একর।