প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই চলে যাবে সিএইচসিপিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংবাদ সম্মেলন। ছবি: আহমেদ দীপ্ত
চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংবাদ সম্মেলন। ছবি: আহমেদ দীপ্ত

জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা আমরণ অনশন অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা প্রেসক্লাব চত্বর ছেড়ে যাবেন না।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলা কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সিএইচসিপি’র আহ্বায়ক গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাতীয়করণের দাবি আমাদের ন্যায্য দাবি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আছি। ওঁনার প্রতিনিধি পাঠালেই আমরা প্রেসক্লাব চত্বর ছেড়ে চলে যাব।’

এর আগে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন রাজশাহী বিভাগীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আফাজ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারের সন্তান। আমাদের মধ্য ৪ হাজার ৫০০ মুক্তিযোদ্ধার সন্তান আছেন। আমাদের ৬৫ শতাংশ কর্মীর চাকরির আবেদনের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় আমরা হতাশাগ্রস্ত।’

বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। বলেন, ‘এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করি। আমরা কেন হতাশায় থাকব? প্রধানমন্ত্রী বিষ পাঠিয়ে দিন, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করব।’

চাকরি রাজস্বকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১ ফেব্রুয়ারি থেকে তাঁরা আমরণ অনশন পালন করছেন। এর আগে গত ২৭ জানুয়ারি থেকে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন।

জাতীয় প্রেসক্লাবের ভেতরে যখন সংবাদ সম্মেলন হচ্ছিল তখনো প্রেসক্লাবের মূল ফটকের বাইরে আমরণ অনশন পালন করছেন সারা দেশ থেকে আসা সিএইচসিপিরা।