প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ইঙ্গিত শিক্ষকদের

দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে শিক্ষকেরাও লাগাতার কর্মবিরতি স্থগিতের ইঙ্গিত দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা ডেকে আন্দোলনের বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকনেতারা।
লাগাতার কর্মবিরতির অষ্টম দিনে গতকাল সোমবার বিকেলে গণভবনে আন্দোলনরত শিক্ষকনেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ফেডারেশনের একটি সূত্র জানায়, আজ মঙ্গলবারই সাধারণ সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে লাগাতার কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসতে পারে। এই ফেডারেশন হলো সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর মোর্চা।
প্রধানমন্ত্রী গতকাল বিকেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষকনেতাদেরও গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দেন। সেখানেই একপর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষকনেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও অর্থসচিব মাহবুব আহমেদও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন, তার সোপান তৈরি করা হবে। অন্য দাবিগুলো পর্যালোচনা করে পূরণ করা হবে। শিক্ষকনেতারা জানিয়েছেন, নিজেদের ফোরামে আলোচনা করে শিগগির তাঁরা ক্লাসে ফিরে যাবেন।
বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাঁরা তাঁদের দাবিগুলো উপস্থাপন করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি শিক্ষকদের দাবিগুলো দেখবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ জন্য প্রধানমন্ত্রী শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এখন ফেডারেশনের সাধারণ সভা ডেকে তাঁরা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে সাধারণ সভা কবে হবে, তা এখনো ঠিক হয়নি। ফেডারেশনের অন্য নেতাদের সঙ্গে ফোনে কথা বলে সভার সময় ঠিক করবেন।
নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এক দিন আগে গত রোববার শিক্ষাসচিবের কাছে লিখিত প্রস্তাবও দেন শিক্ষকেরা। এতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের মধ্য থেকে ৫ শতাংশকে ডিস্টিঙ্গুইশড (বিশিষ্ট বা সম্মানিত) অধ্যাপক করার প্রস্তাব দেন শিক্ষকেরা। এই পদের মূল বেতন হবে জ্যেষ্ঠ সচিবের সমান। একই সঙ্গে আগের মতো মোট অধ্যাপকের মধ্য থেকে ২৫ শতাংশকে গ্রেড-১ করাসহ কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছেন তাঁরা।