প্রধানমন্ত্রীর আশ্বাসে হিলিতে আন্দোলন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন অবরোধ এবং দুদিন হরতাল চলার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ডাকা অনির্দিষ্টকালের আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ও পরামর্শে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃত্বদানকারী সংগঠনের নেতা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনটিতে নেতৃত্বদানকারী  সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রেজা বলেন, গতকাল বুধবার রাতে ঢাকায় দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট) সাংসদ শিবলী সাদিকের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিলি স্থলবন্দরের চলমান সংকটের বিষয়ে জানতে চান। এ সময় সাংসদ প্রধানমন্ত্রীর কাছে আন্দোলনকারীদের দাবির কথা জানান। প্রধানমন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে আন্দোলনকারীদের ঘোষিত দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন। তিনি আজ থেকে কর্মসূচি প্রত্যাহার করে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার পরামর্শ দেন।

সাংসদ শিবলী সাদিক বিষয়টি মুঠোফোনে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদকে জানিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।

ভারত থেকে আমদানি করা পণ্য হিলি স্থলবন্দরে ঢোকার আগে শূন্যরেখায় ভারতীয় ট্রাকের চালানের (মেনিফেস্টো) আরেক পৃষ্ঠায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিল মারা এবং ব্যবসায়ীদের হয়রানি করার প্রতিবাদে ১৪ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। এরপর টানা পাঁচ দিন অবরোধ এবং  ১৯ ও ২০ মে হিলিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। 

বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, বিজিবি সব আইন মেনেই নিরাপত্তা-তল্লাশির গুণগত মান বাড়াতে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আমদানি করা পণ্যের মেনিফেস্টো সিল দিচ্ছে। ভবিষ্যতেও দেবে। বিজিবি কোনো ব্যবসায়ীকে হয়রানি না করে সব সময় সহযোগিতা করে আসছে বলে তিনি জানান।