প্রধানমন্ত্রীর উচিত গোঁয়ার্তুমি ছেড়ে তত্ত্বাবধায়ক মেনে নেওয়া: বি. চৌধুরী
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর উচিত গোঁয়ার্তুমি ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া।নিজের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে দলের বারিধারার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলে বি. চৌধুরী।বিকল্পধারার সভাপতি বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও প্রধানমন্ত্রী থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন। সংবিধান সংশোধন করলেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার বহাল করা যাবে। তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না এবং এর জন্য বর্তমান প্রধানমন্ত্রীই দায়ী হবেন। টেলিভিশনে টক শো সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বি. চৌধুরী বলেন, ‘টক শোতে অংশগ্রহণকারীদের সিঁধকাটা চোরদের সঙ্গে তুলনা করা শিষ্টাচারবহির্ভূত। প্রধানমন্ত্রীর মুখে এমন কথা মানায় না।’বিকল্পধারার নেতা-কর্মীরা কেক কেটে ও ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান বি. চৌধুরীকে। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।