প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতীয় কমিটির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘যুক্তি তথ্য শুনুন, জনমত বিবেচনায় নিন, মানুষের কথা ভাবুন। দেশি ভূমি বনগ্রাসী কিছু গোষ্ঠী আর ভারতের ব্যবসায়িক স্বার্থের কাছে আত্মসমর্পণ করে দেশের সর্বনাশ করবেন না, অবিলম্বে রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল অপতৎপরতা বন্ধ করবার ব্যবস্থা নিন।’

গত শনিবার প্রধানমন্ত্রী চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনকারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটি থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রামপাল ঘুরে আসার আহ্বানের জবাবে নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রীর অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান ডিজিটাল যুগে দূরত্ব জানার জন্য এলাকায় গিয়ে ফিতা দিয়ে মাপার দরকার হয় না, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এই দূরত্ব বের করা সম্ভব। প্রধানমন্ত্রী যে দূরত্ব বলেছেন আমরা তা স্বীকার করি, এই দূরত্ব যে নিরাপদ নয়, তা বহুবার তথ্য-প্রমাণসহ আমরা উপস্থিত করেছি। সরকারের আমন্ত্রণে ও সরকারি আতিথ্যে বাংলাদেশের বিশেষজ্ঞ দল এবং ইউনেসকো টিম সুন্দরবন রামপাল এলাকা সফর করেছেন। কিন্তু এই সফর করে তাঁদের মত বদলায়নি, তাঁরা সবাই এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের কথাই বলেছেন। আমরা বহুবার রামপাল গেছি, যাওয়ার কারণেই আমরা আরও নিশ্চিত হয়েছি যে রামপাল প্রকল্প সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের জন্য ধ্বংসযজ্ঞ ডেকে আনবে।’ তাঁরা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের রামপাল থেকে সুন্দরবন পদযাত্রা করতে পরামর্শ দিয়েছেন। আমরা এই পরামর্শ গ্রহণ করলাম। আশা করি পুলিশ ও সরকারি দলের মাস্তান বাহিনী অন্যান্য বারের মতো এ যাত্রায় বাধা সৃষ্টি করবে না।’

নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা মানুষ নয় বাঘের কথা চিন্তা করছি। আমরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই যে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাঘ সম্মেলনে তিনিই বলেছিলেন, “বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে”। বাঘসহ অসংখ্য প্রাণের আধার হিসেবে সুন্দরবন অসাধারণ প্রাণশক্তি ধারণ করে। বন বেঁচে থাকা দরকার, জীববৈচিত্র্য রক্ষা করা দরকার মানুষের জন্যই।’