প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ জানাবে তথ্য মন্ত্রণালয়
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের বার্তাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে তথ্য মন্ত্রণালয়।
শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তথ্যসচিব মরতুজা আহমদ। ‘শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের ব্র্যান্ডিং ও গণজ্ঞাপন’-বিষয়ক এই সভায় তিনি সভাপতিত্ব করেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
প্রধানমন্ত্রীর আট উদ্যোগ হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ।
সভায় অন্যদের মধ্যে ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক লিয়াকত আলী খান এবং ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা।