প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী জানান, গত ১৯ নভেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ রিপোর্টে তাঁর সংক্রমণ নেগেটিভ আসে। আজ সকাল নয়টায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, একই হাসপাতালে উপদেষ্টা মসিউর রহমান ভর্তি আছেন। তাঁর সংক্রমণ এখন নেগেটিভ।
রওশন রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রওশন রহমানের দাফন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।