প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হবে আজ বৃহস্পতিবার। ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে এই চুক্তি সই হবে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে। প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে জ্যেষ্ঠ সচিব বা সচিবেরা চুক্তিতে সই করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ সকাল সাড়ে ১০টায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।

গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে চুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। তিনি বলেন, এই চুক্তি সই করার উদ্দেশ্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও সেবার মান বৃদ্ধি করা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তি অনুযায়ী যাঁরা কর্মসম্পাদন করতে পারবেন না এবং পিছিয়ে পড়বেন, তাঁদের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়) মো. আবদুল বারিক বলেন, ১০০ নম্বর ধরে প্রথমবার যে পরীক্ষামূলক মূল্যায়ন করা হয়েছিল তাতে মন্ত্রণালয় ও বিভাগগুলো ৭৮ থেকে ৯৮ নম্বর পেয়েছে।