প্রধানমন্ত্রীর উপহার 'বীর নিবাস' হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সদর উপজেলার শশড়া ইউনিয়নের মহতুল্লাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের (৭২) কাছে সরকারি উদ্যোগে নির্মিত বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম গতকাল রোববার মুক্তিযোদ্ধা কাদেরের কাছে ওই দলিল হস্তান্তর করেন।
বাড়ির দলিল হাতে পেয়ে মুক্তিযোদ্ধা কাদের বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রকৃত অর্থে সম্মান ও মর্যাদা দিতে প্রতিজ্ঞ।
ইকবালুর রহিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধারা মর্যাদা ও সম্মান পাননি। স্বাধীনতার সপক্ষের তথা মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসার পর অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সচ্ছল ও বাসভবন নিশ্চিত করতে শেখ হাসিনার নির্দেশেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, সদরের ১০টি ইউনিয়নে একজন করে মুক্তিযোদ্ধাকে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে একটি করে ‘বীর নিবাস’ ভবন দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা কাদেরকে বাড়ির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ বাসভবন হস্তান্তর কার্যক্রম শুরু হলো।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, সদর উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, ডেপুটি কমান্ডার আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ইকবালুর রহিম মহতুল্লাপুর-চেরাডাঙ্গী ফুলতলা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন।