প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নামে প্রতারণা করতে গিয়ে নারীসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নজরুল ইসলাম খানের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে জোবায়ের সাকিব ওরফে মুক্ত (৩৩) ও নারগিস জীবন (৩৮) নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, প্রতারকেরা সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কেরামত আলী নামের এক ব্যক্তির কাছ থেকে সাব-রেজিস্ট্রার পদে বদলির কথা বলে নয় লাখ টাকা নিয়েছে। এ ছাড়া রাজবাড়ীর একটি বালুমহালের ইজারা দেওয়ার জন্য এক লাখ টাকা এবং চাকরি দেওয়ার নামে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে তিনি এ বিষয়টি শুনছিলেন। কারা এ ধরনের প্রতারণা করছে, তা খুঁজে বের করার জন্য তিনি একাধিক গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করেছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে গোয়েন্দা বিভাগের (উত্তর) সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মতিয়ার রহমানের নেতৃত্ব একটি দল এ অভিযান চালায়। দলটি রাজধানীর ৯০ কাকরাইলের মুসাফির টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে জোবায়ের সাকিব ওরফে মুক্ত ও নারগিস জীবনকে গ্রেপ্তার করে।