প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা!
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এক তরুণ। তাঁকে পুলিশ আটক করে এবং পরে স্থানীয় সাংসদের চাপে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার লাল মিয়ার ছেলে জসিম নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুনকে কয়েক দিন আগে মুঠোফোনে কথা বলেন।এপিএস পরিচয়দানকারী ওই ব্যক্তি জাহানারাকে বলেন, ‘আপনি দীর্ঘ দিন ধরে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সরকারি তদন্তে আপনার পক্ষে একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর দপ্তরে এসে পৌঁছেছে। আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা আপনাকে নিয়ে ভাবছেন। আগামী নির্বাচনে হয়তো আপনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে যাচ্ছেন।’ এ সূত্র ধরে কয়েক দিন কথা বলেছেন ফোনে।সর্বশেষ গত বুধবার ফোন করে জানান, তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে অচিরেই। সাক্ষাতের সব ব্যবস্থা তিনি করে দেবেন। তাই একা তাঁকে ঢাকায় আসতে হবে। বিষয়টি তিনি যেন গোপন রাখেন। এ ঘটনার পর ভাইস চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। তাঁরা তাঁকে কৌশলে এই তরুণকে হবিগঞ্জে আনার জন্য বলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এপিএস পরিচয়দানকারী গত বুধবার রাতে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকায় জাহানারা খাতুনের বাসায় আসেন এবং ঢাকার প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন। এর আগেই ভাইস চেয়ারম্যান জাহানারা পুলিশকে তাঁর আসার বিষয়টি নিশ্চিত করেন। ওই তরুণ ঘটনা আঁচ করতে পেরে ওই বাসা থেকে পালিয়ে যেতে চান। একপর্যায়ে দৌড়ে পালাতে চেষ্টা করেন। এলাকার লোকজন তাঁকে তাড়া করে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় আটক করে পুলিশে দেন। এদিকে পুলিশ তাঁকে ধরে থানায় নিয়ে যায় এবং এর কিছুক্ষণ পর ছেড়ে দেয়।এ ঘটনায় পুলিশের ওপর অভিযোগ আনেন জাহানারা খাতুন। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বসে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা। সভায় জাহানারা খাতুন তাঁর অভিযোগ তুলে ধরেন। এ সময় সভার সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান, তাঁর নির্দেশে পুলিশ প্রতারককে আটক করে। তার পর কেন ছেড়ে দিল পুলিশ? এ বিষয়ে তিনি পুলিশের কাছে ব্যাখ্যা চান।পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহিরের নির্দেশে তাঁরা আটক তরুণকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তবে সাংসদ আবু জাহির এ দাবি অস্বীকার করেছেন। তিনি জানান, এ সাধারণ বিষয়ে তিনি পুলিশকে সুপারিশ করেননি। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাহমুদ হাসান ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে আবারও তাগিদ দেন।