প্রধানমন্ত্রীর এপিএসের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই যুবককে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। মিজানুর রহমান ও শাহজালাল মিয়া নামের ওই দুই যুবকের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এপিএসের স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির অভিযোগে মিজানুর ও শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহূত একটি ব্যক্তিগত গাড়িও আটক করা হয়েছে। তাঁরা শ্রীমঙ্গলে বন বিভাগের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) কার্যালয়ে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আর্থিক সহায়তা দাবি করেন এবং এ-সংক্রান্ত একটি সুপারিশপত্র এসিএফকে দেখান। এতে প্রধানমন্ত্রীর এপিএস নজরুল ইসলাম এবং রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাসারের স্বাক্ষর ও সিলমোহর ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শাহজালাল ও মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এসিএফ হাছানুর রহমান বলেন, পরিচয় থাকার সুবাদে রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।