প্রধানমন্ত্রীর ওপর শিক্ষকদের আস্থা রাখতে বললেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাদা বেতনকাঠামোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, শিক্ষকদের হতাশ বা উদ্বিগ্ন হয়ে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস ২০১৫ জাতীয় উদ্‌যাপন কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। দিবসটি উপলক্ষে কয়েকটি শিক্ষক সংগঠন পৃথকভাবে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

টিএসসির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মাধ্যমে এ সমস্যা সমাধান করার চেষ্টা চলছে। আপনাদের এই দাবিদাওয়া পূরণের জন্য প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখা উচিত।’