প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানে জনগণ আশ্বস্ত হয়েছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ সব ধরনের মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে। আর জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শেখ হাসিনা জনগণকে আশ্বস্ত করেছেন।
আজ মঙ্গলবার মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপির) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ল’ ডিপার্টমেন্টের উদ্যোগে ‘হিউম্যান রাইটস ইন দ্য এজ অব ইম্পেরিয়ালিজম’ শীর্ষক এক সেমিনারে আনিসুল হক এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসন নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার আইনের শাসন নিশ্চিত করতে সদা সতর্ক রয়েছে।
আইনমন্ত্রী বলেন, প্রভাবশালী রাষ্ট্রগুলো মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক যেসব চুক্তি ও কনভেনশন স্বাক্ষর করে, সেগুলোর নেপথ্যে থাকে তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টা—যা মানবাধিকারচর্চার ক্ষেত্রে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো মানবাধিকার রক্ষার নামে অন্যান্য দেশের বৈদেশিক নীতির ওপর প্রভাব বিস্তার করছে। তিনি বলেন, ‘যেকোনো উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা। শিক্ষার উন্নয়নের মাধ্যমে আমরা জানতে পারি দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কি না।’ শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন রোধ করা সম্ভব বলেও মনে করেন তিনি।
সঠিক শিক্ষা যেকোনো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার, মৌলিক অধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচারসহ জনগণের সব ধরনের অধিকার সংবিধান স্বীকৃত। এ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।