প্রধানমন্ত্রীর কথাও মানছে না আওয়ামী লীগের এক পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামানকে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। নির্বাচনে পাল্টাপাল্টি প্রার্থী দিতে বারণও করেছিলেন তিনি।তবে প্রধানমন্ত্রীর কথা শোনেননি নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতারা। কামরুজ্জামান ছাড়াও নির্বাচনে প্রার্থী হয়েছেন নিহত মেয়র লোকমান হোসেন হত্যা মামলার ৪ নম্বর আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও সদস্য আমজাদ হোসেন।কামরুজ্জামানকে সমর্থনের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ। তবে আরেক পক্ষ প্রকাশ্যে সমর্থন দিচ্ছে অপর প্রার্থী মোন্তাজকে।আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, নিহত মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের উত্থানে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন। লোকমান হত্যাকাণ্ডের পর তাঁরা জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণে সোচ্চার হয়ে ওঠেন। কিন্তু মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী হয়ে তাঁদের জন্য নতুন বাধা হয়ে দাঁড়ান লোকমানের ছোট ভাই কামরুজ্জামান। তাই দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা নিয়ে কালক্ষেপণ শুরু করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। বোর্ডের সদস্যরা গত ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তখন প্রধানমন্ত্রী কামরুজ্জামানকে সমর্থনের কথা জানান। এতে বাদ সাধে জেলা আওয়ামী লীগের একাংশ। এ কারণে বারবার পিছিয়ে যায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা। সর্বশেষ ৩ জানুয়ারি নেতা-কর্মীদের চাপের মুখে গণমাধ্যমের কর্মীদের কাছে সংবাদ বিজ্ঞপ্তি দেয় মনোনয়ন বোর্ড।সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘যেহেতু প্রয়াত মেয়র লোকমান হোসেনের মা ইতিপূর্বে তাঁর পুত্র কামরুজ্জামান কামরুলকে প্রার্থী হিসাবে ঘোষণা করিয়াছেন, সেহেতু পাল্টাপাল্টি প্রার্থী দেওয়ার প্রয়োজন নাই।’মনোনয়ন বোর্ডের সদস্যসচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, ‘দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র লোকমানের ছোট ভাই কামরুলকে সমর্থন দিয়েছেন। কামরুজ্জামানের বিরোধিতাকারীরা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করছে।’তবে মনোনায়ন বোর্ডের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এ হাদী বলেন, ‘আমরা সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সভানেত্রীর বক্তব্য জানিয়েছি। কিন্তু জেলা আওয়ামী লীগের দলীয় সমর্থনের কথা নির্দিষ্ট করে কিছু বলিনি।’ দলের সভানেত্রীর বক্তব্যে কী ইঙ্গিত করে, এমন প্রশ্নের জবাবে এস এ হাদী বলেন, ‘আমরা নির্দিষ্ট করে কিছু বলব না। আপনার দৃষ্টিতে যা বোঝেন তাই লেখেন।’জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, নরসিংদী পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে সমর্থন দেওয়া হয়নি। একাধিক প্রার্থী নির্বাচন করলেও দলীয়ভাবে কোনো বিধিনিষেধ নেই।এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ও নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু মেয়র পদপ্রার্থী মোন্তাজের পক্ষে নির্বাচনে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী বলেন, ‘রাজু ভাই (ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী) আমাকে ফোনে নির্দেশ দিয়েছেন মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার পক্ষে কাজ করতে। এদিকে প্রধানমন্ত্রী কামরুলকে দলীয় সমর্থন জানিয়েছেন। এতে আমরা নির্বাচনী প্রচারণা নিয়ে বিপাকে পড়েছি।’