প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে সরকারই ইলিয়াসকে গুম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। এ বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে। গতকাল সোমবার হরতাল চলাকালে চট্টগ্রামে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। হরতালের সমর্থনে গতকাল দুপুরে নগরের বিভিন্ন স্থানে মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ হয়। আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। দলীয় নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, প্রশাসন ও দলীয় ক্যাডার দিয়ে সরকার এই আন্দোলন দমাতে পারবে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন প্রমুখ।