সরকারি কাজ করতে গিয়ে যেন নির্বাহী বিভাগের কর্মকর্তাদের আদালত অবমাননার মুখে পড়তে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন সচিবেরা। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে কাজের সুরক্ষা চেয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত গতকাল সোমবার সচিবসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সচিবেরা এ অনুরোধ জানান। সভায় জনস্বার্থে কাজ করতে গিয়েও আদালত অবমাননার মুখে পড়ে সমস্যার মুখোমুখি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই সচিবসভার প্রথম বৈঠক, যেখানে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচিবদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে একাধিক সচিবের সঙ্গে কথা বলে বৈঠকের বিভিন্ন বিষয়ে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাও সংবাদ ব্রিফিংয়ে সভার বিভিন্ন বিষয় তুলে ধরেন। ওই সভায় ৬১ জন সচিব উপস্থিত ছিলেন, যার মধ্যে ২৩ জন সচিব বক্তব্য দেন। দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে এ বৈঠক চলে পৌনে চার ঘণ্টা।
বৈঠক সূত্রে জানা যায়, সভার শুরুতেই প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে সচিবেরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে শুরু করেন। একজন সচিব আদালত অবমাননার প্রসঙ্গটি তোলেন। ওই সচিব বলেন, সরকারি কাজ করতে গিয়েও আদালত অবমাননার মুখে পড়ায় জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আগ্রহ কমে যায়। কেউ কেউ আদালত অবমাননা নিয়ে হয়রানিরও শিকার হতে হয় বলে জানান।
তাই সরকারি কাজ করতে গিয়ে যাতে আদালত অবমাননার মুখে পড়তে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে মত দেন ওই সচিব। অন্য সচিবেরাও বিষয়টি সমর্থন করেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্তরিকতা দেখান। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চাইলে তিনি শুধু বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল।
প্রসঙ্গত, দীর্ঘদিনের দাবি অনুযায়ী সদ্য বিদায়ী সরকার গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের কিছু সুরক্ষা দিয়ে আদালত অবমাননার একটি আইন করেছিল। কিন্তু সেটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় গত সেপ্টেম্বর মাসে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত।
সিভিল সার্ভিস আইন দ্রুত করার নির্দেশ: সভায় সচিবদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রস্তাবিত সিভিল সার্ভিস আইনটি করার পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিবাচক মনোভাব পোষণ করে খসড়াটি সংশোধন করে দ্রুত মন্ত্রিসভায় তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
খাদ্যে ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: সভায় খাদ্যে ভেজাল নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী খাদ্যে ভেজাল রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সচিবদের নির্দেশ দেন।
সভায় বিদ্যুৎ-সচিব বিভিন্ন মন্ত্রণালয় ও অধীন সংস্থার কাছে বিদ্যুৎ বিল বকেয়া থাকার চিত্র তুলে ধরলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সচিবদের দ্রুত বকেয়া বিল পরিশোধের নির্দেশ দেন। এ সময় তিনি হাসতে হাসতে বলেন, বিদ্যুৎ পরিশোধ না করলে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ভূমি উন্নয়নের বকেয়া বিল পরিশোধ করার জন্য তাগিদ দেন।
সভায় সচিবেরা স্থায়ীভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ জন্য ক্যাডার সার্ভিস চালুর পরামর্শ দেন।
সভায় সচিবদের পক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক নগদায়ন করতে দেরি হওয়ার প্রসঙ্গটি তুলে ধরলে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকেরা যাতে বেতন নিয়ে কোনো সমস্যায় না পড়েন, সে জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া শিক্ষকেরা যাতে বাড়িঘর নির্মাণ কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সহজ শর্তে ঋণ পেতে পারেন, সে জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন।