প্রধানমন্ত্রীর কাছে ডব্লিউআইপি অ্যাওয়ার্ড হস্তান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড’ হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানিয়েছেন, আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খবর বাসসের।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাজনীতিতে লিঙ্গবৈষম্য হ্রাসে অনবদ্য ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সম্মানজনক এ পুরস্কার লাভ করে। গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ডব্লিউআইপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সুইজারল্যান্ডভিত্তিক ডব্লিউআইপির প্রতিষ্ঠাতা সিলভানা কোচ-মেহরিন পুরস্কার গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে দেশে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত হতে পারেননি। প্রধানমন্ত্রী সম্মেলনে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন।