চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন
প্রধানমন্ত্রীর কাছে দাবির সপক্ষে যুক্তি তুলে ধরা হবে
চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজনীতিক, পেশাজীবী ও আইনজীবীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ দাবির যৌক্তিকতা তুলে ধরতে হবে। তিনি নিশ্চয়ই নিরাশ করবেন না। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম পেশাজীবী পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নগর শাখার উদ্যোগে এ গোলটেবিল বৈঠক হয়।
চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। প্রধানমন্ত্রী আন্তরিক হলেই এটি সম্ভব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চট্টগ্রামবাসীর এ দাবির কথা তুলে ধরা হবে। তার আগে সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। সবার মতামত নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
সাবেক সাংসদ মাহফুজুল হক শাহ হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের আন্দোলনে চট্টগ্রামের সব দলের নেতাদের সম্পৃক্ত করার আহ্বান জানান বৈঠকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের বিষয়ে আন্তরিক। চট্টগ্রামের আইনজীবীসহ পেশাজীবীরা গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এ দাবি তুলে ধরতে হবে। তিনি নিরাশ করবেন না।
সাবেক চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি কফিল উদ্দিন জানান, সার্কিট বেঞ্চ স্থাপনে সংবিধান সংশোধনের প্রয়োজন হলেও বর্তমান বাস্তবতায় এ নিয়ে কোনো সমস্যা হবে না।
জ্যেষ্ঠ আইনজীবী রতন রায় বলেন, সার্কিট বেঞ্চ স্থাপনে নথিপত্র আনা-নেওয়া ও বিচারক নিয়োগের সমস্যার কথা বলা হচ্ছে। আসলে বাংলাদেশে এগুলো কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আন্তরিকতায়।
আইনজীবী হুমায়ুন কবির বলেন, সবাই মিলে আওয়াজ তুললে দাবি আদায় করা যাবে।
সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল হাশেমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী ও কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ, সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব শংকর প্রসাদ দে ও প্রধান সমন্বয়ক কাশেম কামাল, চট্টগ্রাম দোকান মালিক ফেডারেশনের সভাপতি ছালামত আলী প্রমুখ।